ডায়মন্ড হারবারে ১ কোটির হদিশ, তুঙ্গে রাজনৈতিক তরজা!
বার্তা ডেস্কঃ
ডায়মন্ড হারবারের একটি কার্যালয় থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর মধ্যে। জমি সংক্রান্ত মামলার তদন্তে ধৃত সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই বিপুল অর্থ উদ্ধার করে। ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তদন্ত প্রভাবিত করতে বিজেপির হামলায় ক্ষতিগ্রস্ত জায়গায় পরিকল্পিতভাবে টাকা রেখে ভুয়ো প্রমাণ সাজানো হয়েছে।
অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে তীব্র আক্রমণ করে শুভেন্দু অধিকারী দাবি করেন, উদ্ধার হওয়া এই অর্থ বিপুল দুর্নীতির তুলনায় নস্যি মাত্র। রাজ্যের কোটি কোটি টাকার রাজস্ব লুট করে বিদেশে পাচার করা হয়েছে এবং বেনামে জমি ও ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। একপক্ষ যখন একে প্রশাসনিক চক্রান্ত হিসেবে তুলে ধরছে, অন্যপক্ষ তখন দুর্নীতির দায়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিচ্ছে; ফলে আপাতত পুরো রাজনৈতিক মহলের নজর তদন্তের পরবর্তী গতিপ্রকৃতির দিকে।