পাসওয়ার্ড বা এটিএম কার্ড ছাড়াই সোজা টাকা পকেটে! বিহারের এই অভিনব কায়দা জানলে আঁতকে উঠবেন!
এটিএম যন্ত্রের মুখ আটকে টাকা হাতানোর অভিযোগে দক্ষিণ কলকাতার চেতলা থানা থেকে বিহারের গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম বিকাশ কুমার ও সৌরভ মিশ্র। অনলাইনে ভাড়া করা বাইকে চড়ে তারা কলকাতার বিভিন্ন এটিএম কাউন্টারে এই কায়দায় জালিয়াতি চালাত বলে অভিযোগ। সম্প্রতি চেতলার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে হেলমেট পরে ঢুকে যন্ত্রে বিশেষ ধাতব পাত লাগিয়ে টাকা আটকে রাখার ফাঁদ পাতে তারা। এক গ্রাহক টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে গেলে, অভিযুক্তরা সঙ্গে সঙ্গে সেই পাত খুলে নগদ দশ হাজার টাকা হাতিয়ে নেয়।
গ্রাহকের কাছ থেকে অভিযোগ পেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ চেক করেন এবং চেতলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজে থাকা হেলমেটধারী দুষ্কৃতীদের ভাড়ার বাইকের সূত্র ধরে তাদের আসল পরিচয় উদ্ঘাটন করে। এরপর বিভিন্ন এটিএমে পুলিশি নজরদারি বাড়ানো হলে, ফের চেতলার একটি ব্যাঙ্কে একই কায়দায় টাকা হাতানোর ছক কষার সময় হাতেনাতে ধরা পড়ে যায় ওই দু’জন। এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে পুলিশ।