সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে নেতাজির নির্দিষ্ট ছবি, কোন প্রতিকৃতিতে মিলবে মান্যতা?
স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান স্মরণে রাখতে সরকারি দপ্তরে তাঁর ছবি প্রদর্শনের নিয়মে বড় বদল আনল রাজ্য সরকার। স্কুলশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সরকারি কার্যালয় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতাজির ছবি প্রদর্শনের ক্ষেত্রে তাঁর পরিবারের নির্বাচিত নির্দিষ্ট প্রতিকৃতিকেই প্রাধান্য দিতে হবে। পরিবারের পছন্দের সেই অনুমোদিত ছবিই সমস্ত দপ্তরে যথাযথ মর্যাদায় টাঙানোর কথা জানানো হয়েছে। বুধবার স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন।
তবে সরকারি বিজ্ঞপ্তিতে ‘অনুমোদিত ছবি’ কথাটির উল্লেখ থাকায় শিক্ষক মহল ও বিভিন্ন সংগঠনের মধ্যে শুরু হয়েছে বিতর্ক। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল নির্দিষ্ট ওই ছবিটি নিয়ে আরও স্পষ্ট সরকারি ব্যাখ্যার দাবি তুলেছেন। অন্যদিকে, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী উদ্যোগটিকে ইতিবাচক বলে মনে করলেও, শুধু ছবি টাঙানোর পাশাপাশি দপ্তরে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়েছেন।