ভাড়া নেওয়ার নাম করে গাড়ি বিক্রি, সোনারপুরে খতম প্রতারক চক্র!
বার্তা ডেস্কঃ
গাড়ি ভাড়া দেওয়ার নামে প্রতারণা চক্রের পর্দাফাঁস, ধৃত ২; উদ্ধার ১০টি গাড়ি
নিজস্ব প্রতিবেদক, বারুইপুর: গাড়ি ভাড়া খাটানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বারুইপুর পুলিশ। ধৃতদের জেরা করে ইতিমধ্যে খোয়া যাওয়া ১০টি গাড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (হেডকোয়ার্টার্স) সৌম্যজিৎ বড়ুয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, সোনারপুর থানায় তিন গাড়ি মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। থানার আইসি আশিস দাস, আইও সৌরভ মণ্ডল এবং সাব-ইন্সপেক্টর সুরজিৎ দাস সরকারের নেতৃত্বে একটি বিশেষ দল এই চক্রের হদিস পায়।
তদন্তে উঠে এসেছে, ধৃতরা বিভিন্ন গাড়ির মালিকদের সরকারি দপ্তরে গাড়ি ভাড়া খাটানোর টোপ দিত। মালিকদের বিশ্বাস অর্জনের জন্য অগ্রিম হিসেবে ৫০ থেকে ৬০ হাজার টাকা দেওয়া হতো এবং আইনি চুক্তিপত্রও সই করানো হতো। এরপর গাড়িগুলো সংগ্রহ করে সেগুলোতে পুলিশ, আইনজীবী বা চিকিৎসকদের লোগো লাগিয়ে দেওয়া হতো। তবে গাড়িগুলো কোথাও ভাড়া না দিয়ে গোপনে বিক্রি করে দিত প্রতারকরা।
পুলিশ জানিয়েছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হাওড়াসহ বিভিন্ন জায়গায় এভাবে গাড়ি বিক্রি করা হয়েছে। এমনকি একটি গাড়ি দিল্লিতেও বিক্রির তথ্য মিলেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি এখন পর্যন্ত এক কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে।
পুলিশি জেরায় আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত সুপার। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।