নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত! সীমা খান্নার ক্ষমতা কমতেই বাড়ল ডেপুটি ইলেকশন কমিশনারের দায়িত্ব
এসআইআর প্রক্রিয়ায় ‘অবাঞ্ছিত হস্তক্ষেপের’ অভিযোগের মুখে ভারতের নির্বাচন কমিশন নতুন কাজের দায়িত্ব বণ্টন নির্দেশিকা জারি করে আইটি বিভাগের ডিজি সীমা খান্নার ক্ষমতা খর্ব করেছে। গত ৪ নভেম্বর জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সীমা খান্নাকে এখন থেকে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার পবনকুমার শর্মার মাধ্যমে সমস্ত ফাইল পাঠাতে হবে। পূর্বে আইটি ও পিজিয়ারএস বিভাগের দায়িত্ব ডেপুটি ইলেকশন কমিশনার সঞ্জয় কুমারের হাতে থাকলেও ২৮ জুলাই নির্দেশিকায় তা সীমা খান্নাকে সরাসরি কমিশনের কাছে রিপোর্ট করার সুযোগ দেওয়া হয়, যা ঘিরে অভ্যন্তরীণ বিতর্কের সূচনা ঘটে।
উল্লেখ্য, ২৮ জুলাইয়ের দায়িত্ব পুনর্বণ্টন নিয়ে আপত্তি তুলে গত ২৯ জুলাই ক্যাবিনেট সচিবকে পৃথক চিঠি দিয়ে উদ্বেগ জানান দুই নির্বাচন কমিশনার এস এস সান্ধু ও বিবেক জোশী। ভোটার তালিকায় নাম যোগ-বিয়োগে রাজ্যগুলির ইআরও-দের ক্ষমতা কেড়ে দিল্লি থেকে প্রক্রিয়া নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে সীমা খান্নার বিরুদ্ধে, এমনকি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একতরফা সিদ্ধান্ত নিয়ে ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানান অন্য দুই কমিশনার। শেষমেশ নতুন কাঠামো তৈরি করে পবনকুমার শর্মাকে আইটি ও আইসিটি বিভাগের মূল দায়িত্ব প্রদান করল কমিশন।