কল্যাণীতে নার্সিংহোমের বাইরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে রক্তমাখা গ্লাভস ও ব্যবহৃত ক্যাথিটার!

বার্তা ডেস্কঃ

নদিয়ার কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন ও জেএনএম হাসপাতালের মর্গের উল্টোদিকে রাস্তার ধারে রক্তমাখা গ্লাভস, ব্যবহৃত সিরিঞ্জ, ক্যাথিটার এবং স্যালাইনের পাইপের মতো বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য প্রকাশ্যেই ফেলে রাখার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এক ব্যক্তি এই সমস্ত ব্যবহৃত চিকিৎসা-সামগ্রী প্রকাশ্যে বিক্রি করছেন বলেও অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী এই ধরনের বর্জ্য বৈজ্ঞানিকভাবে নিষ্পত্তি করার কথা থাকলেও, এক শ্রেণির দালালের মাধ্যমে সেগুলি বাইরে এসে হাতবদল হচ্ছে এবং অন্যত্র পুনরায় ব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে।

চিকিৎসকদের মতে, এই বিপজ্জনক চিকিৎসা-সামগ্রী যথাযথভাবে ধ্বংস না করা হলে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে মারাত্মক সংক্রমণের ঝুঁকি দেখা দিতে পারে। প্রশাসনের নজরদারি এড়িয়ে কীভাবে দিনের পর দিন এই রমরমা কারবার চলছে, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে কল্যাণীর এসডিও নীলাঞ্জন তরফদার জানিয়েছেন যে বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হচ্ছে। দ্রুত এই অবৈধ কারবার বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আতঙ্কিত শহরবাসীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *