ডায়মন্ড হারবারে কোটি টাকা উদ্ধার, নেপথ্যে বড় ষড়যন্ত্রের দাবি অভিষেকের!
বার্তা ডেস্কঃ
বুধবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সরিষায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের এই পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানান ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার। পুলিশ সূত্রে খবর, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই এই টাকার সন্ধান মেলে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী শিবির ইতিমধ্যেই শাসকদলকে আক্রমণ করেছে, যেখানে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী নাম না করে কটাক্ষ করে বলেন যে এই টাকা হয়তো ভুল করে রেখে যাওয়া হয়েছে এবং এরা বেনামে জমি কিনেছে।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এটি সম্পূর্ণ পরিকল্পিত ষড়যন্ত্র। তাঁর বক্তব্য, ছ’মাস আগে যে সম্পত্তি বিজেপির দুষ্কৃতীদের হামলায় ভাঙচুর হয়েছিল এবং পুলিশের তদন্তে অপরাধস্থল হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানেই সুনির্দিষ্ট পরিকল্পনা করে ভুয়ো ও জাল প্রমাণ সাজিয়ে রাখা হয়েছে। ন্যায়বিচার ব্যাহত করা, তদন্ত প্রভাবিত করা এবং আইন-প্রশাসনকে অপব্যবহার করার এই নির্লজ্জ চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, প্রমাণ জাল বা ক্ষমতার অপব্যবহারকারী কাউকেই ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে রেহাই দেওয়া হবে না এবং রাজনৈতিক মদত বা সরকারি পদ দেখিয়ে কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবে না।