সান্দাকফু ভ্রমণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জিটিএর বড় পদক্ষেপ!

বার্তা ডেস্কঃ

সিঙ্গালিলা শৈলশিরায় অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র সান্দাকফু ও ফালুট রুটে ভ্রমণার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ। উচ্চতাজনিত স্বাস্থ্য সমস্যা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় থাকুম ভ্যালি, সাবারগ্রাম এবং ফালুটে রাতের থাকার জায়গাগুলিতে অক্সিজেন সিলিন্ডার, অগ্নিনির্বাপক যন্ত্র, পালস অক্সিমিটার ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। পাশাপাশি, অসুস্থ পর্যটকদের দ্রুত নিচে নামিয়ে আনতে মানেভঞ্জনে চব্বিশ ঘণ্টার জরুরি অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর পাশাপাশি ল্যান্ডরোভার অ্যাসোসিয়েশনের মাধ্যমে চালক ও গাইডদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জিটিএ পর্যটন বিভাগের নতুন নির্দেশিকা অনুযায়ী, সান্দাকফু ও ফালুটগামী ট্রেকার ও ল্যান্ডরোভার পর্যটকদের যাত্রা শুরুর পূর্বে অবশ্যই স্বাস্থ্য ফিটনেস সার্টিফিকেট দেখাতে হবে, অন্যথায় মানেভঞ্জন উপ-স্বাস্থ্যকেন্দ্রে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় আনফিট ঘোষিত হলে কাউকে পাহাড়ে ওঠার অনুমতি দেওয়া হবে না। পর্যটকদের তীব্র মাথাব্যথা, বমি ভাব বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবিলম্বে নিচে নামানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটক ও স্থানীয়দের সহায়তার জন্য মানেভঞ্জনে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এবং সান্দাকফুতে বিশেষ কর্মী মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *