উৎসবের মুখে বড় ধাক্কা, একলাফে অনেকটা বাড়ল আমুল ঘি ও মাখনের দাম!
বার্তা ডেস্কঃ
মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে উৎসবের মরশুমে ঘি ও মাখনের দাম বৃদ্ধি করল দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল। জানা গিয়েছে, ১ কেজি ওজনের এক কার্টন ঘিয়ের দাম ৫০ টাকা বাড়িয়ে ৬৮০ টাকা করা হয়েছে এবং ৫০০ গ্রাম ওজনের মাখনের দাম ১৫ টাকা বেড়ে ৩২৫ টাকা হয়েছে। পাশাপাশি, ৫০০ গ্রাম ওজনের খাঁটি ঘিয়ের পাউচ এবং ১০০ গ্রাম মাখনের প্যাকেটেও যথাক্রমে ২০ ও ৩ টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে।
গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুধ উৎপাদনের খরচ বৃদ্ধি এবং বাজারে অতিরিক্ত চাহিদার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ভেজাল পণ্যের বিরুদ্ধে কঠোর অভিযানের জেরে ব্র্যান্ডেড ও প্রতিষ্ঠিত পণ্যের প্রতি সাধারণ মানুষের ঝোঁক বাড়ায় এবং বেশ কিছু এলাকায় গরুর দুধের ঘিয়ের ঘাটতি দেখা দেওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটল। নতুন এই দাম ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে।