চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন! ইঞ্জিন-সহ পাঁচ কামরা ভস্মীভূত, যাত্রীদের মধ্যে চরমে আতঙ্ক
পাঞ্জাবের অমৃতসর থেকে জলপাইগুড়িগামী ১২৫০৮ কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টা ৫৮ মিনিটে ট্রেনটি ফতেহপুর সাহিবের সাধুগড় স্টেশন থেকে ছাড়ার পরই ইঞ্জিন এবং চারটি জেনারেল বগিতে আগুন ছড়িয়ে পড়ে। চলন্ত ট্রেনে এই ভয়াবহ কাণ্ড ঘটায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায় এবং মাঝরাস্তায় ট্রেন থামিয়ে সবাই নিচে নেমে পড়েন। মুহূর্তের মধ্যে আগুন উগ্র রূপ ধারণ করায় চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকল বাহিনী ও রেলের শীর্ষ আধিকারিকরা। শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। রেলওয়ের পিআরও নীরজ জানান যে, খবর পাওয়ার পরেই রেলের মেডিক্যাল টিম এবং ডিআরএম বিনোদ কুমার ভাটিয়া ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।