স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু! শোকের ছায়া এলাকায়।
বার্তা ডেস্কঃ
ক্লাসে ঢোকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু
লখনউ: শ্রেণিকক্ষে প্রবেশের পরই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু হলো এক স্কুলছাত্রের। মৃতের নাম অর্থব। পরিবারের একমাত্র সন্তানের এই আকস্মিক প্রয়াণে জানকিপুরম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্কুলের প্রধান শিক্ষিকা মীনা তাংড়ি জানান, অর্থব ক্লাসে ঢোকার সময় তার পিঠে স্কুলব্যাগ ছিল। আচমকা সে মেঝেতে ঢলে পড়লে সহপাঠী ও শিক্ষকেরা প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্টাফরুমে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনো সাড়াশব্দ না মেলায় দ্রুত তার পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়েই অর্থবের বাবা প্রেম সিং স্কুলে ছুটে আসেন এবং শিক্ষকদের সহায়তায় ছেলেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে লখনউ থানার পুলিশ হাসপাতালে পৌঁছে বিষয়টি তদন্ত করে দেখছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।