আমেরিকায় নিখোঁজ ১০ বিজ্ঞানী, ধামাচাপা পড়ছে কি বড় কোনো বিপদ?
২০২৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তত ৯ থেকে ১০ জন শীর্ষস্থানীয় বিজ্ঞানীর নিখোঁজ হওয়া বা রহস্যজনক মৃত্যু নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরি ও নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির মতো অত্যন্ত স্পর্শকাতর ও জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত গবেষণা প্রকল্পে কর্মরত ছিলেন এই বিজ্ঞানীরা। ব্যক্তিগত সরঞ্জাম বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই তাদের অস্বাভাবিক অন্তর্ধান ও আকস্মিক মৃত্যুতে পরিকল্পিত কোনো ষড়যন্ত্র বা বিদেশি শক্তির ইন্ধনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
দীর্ঘ নীরবতার পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তিনি জানিয়েছেন, তথ্যটি সত্য হলে তা জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রশাসনের অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। তবে গবেষণাগারের গোপন তথ্য পাচারের ঝুঁকির পাশাপাশি প্রশাসনের পূর্ববর্তী নিষ্ক্রিয়তা ও ঘটনাগুলো এতদিন আড়ালে থাকা নিয়ে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।