এক ক্লিকেই অচল জাপানের ব্যাংক, চরম আতঙ্কে কোটি কোটি গ্রাহক!
বার্তা ডেস্কঃ
জাপানে প্রযুক্তিগত বিপর্যয়ে অচল ১২৮টি ক্রেডিট ইউনিয়ন, স্থবির ব্যাংকিং পরিষেবা
নিজস্ব প্রতিবেদক: জাপানের কেন্দ্রীয় ব্যাংকিং পরিকাঠামোয় বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের ফলে মধ্য ও পশ্চিম জাপানের ১২৮টি ক্রেডিট ইউনিয়নের ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। জাজল সম্প্রচারমাধ্যম টিভি আসাহি এবং সংবাদ সংস্থা কিয়োডো নিউজ-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় দেশটির প্রায় ৩,৪৩০টি ব্যাংক শাখা ও এটিএম বুথ সেবা প্রদান বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
শিনকিন জয়েন্ট সেন্টারের শেয়ার্ড ব্যাংকিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছে। এই সেন্টারটি জাপানের বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের লেনদেন প্রক্রিয়া পরিচালনা করে থাকে। ফলে কেন্দ্রীয় নেটওয়ার্কে ত্রুটি দেখা দেওয়ায় ওসাকা সিটি শিনকিন ব্যাংক, সেতো শিনকিন ব্যাংক এবং ওকাজাকি শিনকিন ব্যাংকসহ শতাধিক আর্থিক প্রতিষ্ঠানের পরিষেবা একসাথে অচল হয়ে পড়েছে।
এই বিপর্যয়ের ফলে গ্রাহকরা এটিএম থেকে নগদ অর্থ তোলা ও জমা দেওয়া, ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক, ব্যাংক ট্রান্সফার এবং শাখার মাধ্যমে ম্যানুয়াল লেনদেন করতে পারছেন না।
ঘটনার পর সাইবার হামলার আশঙ্কা তৈরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে। শিনকিন অ্যাসোসিয়েশনের তথ্যমতে, এটি কোনো সাইবার আক্রমণ নয়, বরং নেটওয়ার্কের যোগাযোগ সরঞ্জামের ত্রুটির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জাপানের মোট ২৩৬টি ক্রেডিট ইউনিয়নের মধ্যে ১২৮টি ক্ষতিগ্রস্ত হলেও পূর্ব জাপানের ক্রেডিট ইউনিয়নগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো তাদের গ্রাহকদের জরুরি প্রয়োজনে অন্য বিকল্প আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের পরামর্শ দিয়েছে এবং ব্যাংকগুলোর দাপ্তরিক ওয়েবসাইটে নজর রাখতে অনুরোধ জানিয়েছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি, তবে কারিগরি দল দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে বলে জানা গেছে। একক প্রযুক্তিগত ত্রুটির কারণে একসাথে শতাধিক আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি জাপানের ব্যাংকিং নিরাপত্তা ও পরিকাঠামোর সক্ষমতা নিয়ে জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে।