বাঁকুড়ায় রাজনৈতিক রক্তক্ষয়ী সংঘর্ষ, অগ্নিগর্ভ বড়জোড়া!
বার্তা ডেস্কঃ
শাসক-বিরোধীর সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার তাজপুর, ভাঙচুর ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: শাসক ও বিরোধী দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার বড়জোড়া থানার তাজপুর গ্রাম। একে অপরের বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর, মারধর ও দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুর্গাপুরে বিজেপি-র একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে তাজপুর গ্রাম থেকে কর্মীরা বাসে করে রওনা হয়েছিলেন। বিজেপি-র অভিযোগ, তারা বাড়ি ফেরার আগেই স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তাদের কর্মীদের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিজেপি-র একটি স্থানীয় দলীয় কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের দাবি, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে এই তাণ্ডব চালানো হয়েছে। বিজেপি-র বড়জোড়া ৩ নম্বর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় গড়াইয়ের দাবি, রাজনৈতিক আক্রোশ থেকেই এই হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমজাদ মণ্ডলের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীরাই পুলিশের উপস্থিতিতে তৃণমূলের ১৭ জন কর্মীর পরিবারের ওপর হামলা চালিয়েছে। তাঁর দাবি, নিজেদের কার্যালয় নিজেরাই পুড়িয়ে এখন তৃণমূলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বিজেপি। এই ঘটনায় তৃণমূলের সাতজন এবং বিজেপি-র দুইজন কর্মী জখম হয়েছেন বলে উভয় পক্ষের তরফে দাবি করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বড়জোড়া থানা সূত্রে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।