২০২৭ সালেই কি বাংলাদেশে আসছেন রোহিত-বিরাট!
বার্তা ডেস্কঃ
জানুয়ারিতে বাংলাদেশ সফরের পথে ভারত: ফিরতে পারেন রোহিত-বিরাট
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি মাসে টিম ইন্ডিয়া বাংলাদেশ সফর করতে পারে। এই সিরিজে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে নানা কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে কিছুটা শৈত্য দেখা দিয়েছিল। ২০২৫ সালের জুলাইয়ে নির্ধারিত সিরিজ বাতিল হওয়া এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার মতো ঘটনা দ্বিপাক্ষিক সূচিতে প্রভাব ফেলেছিল। তবে বিসিবির নতুন সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর দুই বোর্ডের সম্পর্কের উন্নতির আভাস পাওয়া গেছে। বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তামিম ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়েছেন বলে জানা গেছে।
এই সফরের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। শোনা যাচ্ছে, বাংলাদেশ সফরে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে একদিনের সিরিজে দেখা যেতে পারে। যদিও বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে দুই তারকার মাঠে ফেরার খবরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে।
তবে জানুয়ারিতে এই সিরিজ আয়োজন করা বিসিসিআইয়ের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার কথা রয়েছে। এই ঠাসা সূচির মধ্যে বাংলাদেশ সফরের জন্য সময় বের করতে জিম্বাবোয়ের বিরুদ্ধে নির্ধারিত সিরিজের সূচিতেও পরিবর্তনের প্রয়োজন হতে পারে বলে খবর।
সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বর মাসে ভারত শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে গিয়েছিল। প্রায় চার বছর পর দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় দ্বৈরথ পুনরায় শুরু হওয়ার অপেক্ষায় এখন ক্রিকেটমহল। এখন দেখার, দুই বোর্ডের আলোচনা শেষ পর্যন্ত চূড়ান্ত রূপ পায় কি না।