টেন্ডারের আড়ালে কোটি টাকার কারসাজি, ইন্দ্রনীলের কালো টাকা সাদা করতে কি নয়া ছক কষলেন শুভ!
দুর্গাপুজোর পাস দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেলেন সিট তদন্তকারীরা। জানা গেছে, তথ্য-সংস্কৃতি দপ্তর থেকে ৫০টির বেশি টেন্ডার বাগিয়ে নিয়ে ‘থার্ড লাইন ক্রিয়েশন’ ও ‘মাস আর্ট’ সংস্থার মাধ্যমে প্রায় সোয়া দুই কোটি টাকা ইন্দ্রনীল সেন ও তাঁর মেয়ের অ্যাকাউন্টে সরিয়েছেন তাঁর ঘনিষ্ঠ শুভ। তদন্তে আরও উঠে এসেছে, মন্ত্রীর দপ্তরে বসেই সরকারি টেন্ডার ও পাস বিক্রির জালিয়াতির ব্লু-প্রিন্ট তৈরি হতো।
শুক্রবার সন্ধ্যায় প্রাক্তন মন্ত্রীর বাসভবনে তল্লাশি চালায় সিট। জিজ্ঞাসাবাদে শুভ দাবি করেছেন, এই অবৈধ লেনদেনের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে ইন্দ্রনীল সেন ওয়াকিবহাল ছিলেন। সরকারি টেন্ডার পাইয়ে দিতে মন্ত্রী নিজে শুভকে সহায়তা করতেন বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রাক্তন মন্ত্রীর আইনি বিপদ বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বর্তমানে অভিযুক্ত সংস্থাগুলোর নথিপত্র খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে তদন্তকারী দল।