শব্দবাজি রুখতে বহুতলে কড়া পুলিশি নজরদারি, দ্রুত অগ্নিনির্বাপণে দমকলের ইঞ্জিনে থাকছে লালবাজার!

কালীপুজো ও দীপাবলিতে বহুতলের ছাদ থেকে শব্দবাজির দাপট রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল লালবাজার। শুক্রবার পুলিশকর্তা ও ওসিদের সঙ্গে বৈঠকে পুলিশ কমিশনার অজয় নন্দা নির্দেশ দেন, শনিবারের মধ্যে প্রতিটি বহুতল কমিটির সঙ্গে বৈঠক করতে হবে। বহুতলের ছাদ থেকে নিষিদ্ধ বাজি ফাটলে বা পুলিশের কাজে বাধা দিতে লিফট ও সদর গেট বন্ধ রাখলে বহুতল কমিটির কর্তাদের গ্রেপ্তারের হুশিয়ারি দেওয়া হয়েছে। বহুতলগুলিতে নজর রাখতে বাইনোকুলার নিয়ে পুলিশকর্মী মোতায়েনের পাশাপাশি লিফলেট ও পোস্টার বিলির নির্দেশও দেওয়া হয়েছে। শব্দবাজি রুখতে ১০০-র বেশি অটো ও থানার বাইকে গলিগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে।

অন্যদিক অগ্নিকাণ্ডের ঘটনামুক্ত রাখা ও দ্রুত অগ্নিনির্বাপণের জন্য এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেলেই যাতে পথ চিনে দ্রুত পৌঁছানো যায়, সেই উদ্দেশ্যে প্রতিটি ফায়ার স্টেশনে উপস্থিত থাকবেন থানার পুলিশকর্মীরা, যারা সরাসরি দমকলের ইঞ্জিনে উঠে ঘটনাস্থল দেখিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি ছট পুজো ও কালীপুজোর বিসর্জনের জন্য গঙ্গার ঘাটগুলিতে পর্যাপ্ত আলো, ডিএমজি ও নৌকার নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, নারী পুণ্যার্থীদের সুরক্ষায় অতিরিক্ত মহিলা পুলিশ মোতায়েন করা এবং ঘাট পরিচ্ছন্ন রাখতে পুরসভার সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *