জয়গাঁওয়ে স্থলবন্দর নির্মাণে হাই কোর্টের স্পষ্ট বার্তা, বেআইনিভাবে উচ্ছেদ করা যাবে না!
আলিপুরদুয়ারের জয়গাঁওয়ে প্রস্তাবিত স্থলবন্দর তৈরির কাজ ঘিরে চা-বাগান এলাকায় শুরু হয়েছে উত্তেজনা। তোর্সা চা বাগানের গোতাবাড়ি এলাকায় এই ল্যান্ড পোর্ট নির্মাণের জন্য উচ্ছেদ প্রক্রিয়া শুরু হওয়ায় ৮০টি পরিবার গত একশো দিনের বেশি সময় ধরে ধর্নায় বসেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাসকারী এই শ্রমিকদের দাবি, জমি ছাড়তে হলে তাঁদের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে। গত ২ নভেম্বর বুলডোজার চালিয়ে প্রাথমিক পর্বে উচ্ছেদ কাজ শুরু হলে স্থানীয়দের প্রতিবাদের জেরে ১১ জন গ্রেপ্তার হন।
এই ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় কলকাতা হাই কোর্টের পুজো অবকাশকালীন ডিভিশন বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায় পর্যবেক্ষণ দিয়েছেন যে, ঝুপড়িতে থাকা হোক বা প্রাসাদে, সবাই সমান আইনি সুরক্ষা পাবে। প্রজেক্ট বা পরিকল্পনা যথারীতি চললেও, কাউকে উচ্ছেদ করতে হলে বা কাঠামো ভাঙতে হলে সম্পূর্ণ আইনসম্মত প্রক্রিয়া মানতে হবে। চা মজদুর সমিতির পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সওয়াল শোনার পর আদালত পরিষ্কার জানিয়েছে, আইন মেনে চলা বাধ্যতামূলক।