বেদি আছে, নেই লেনিন! জিয়াগঞ্জে রাতারাতি মূর্তি ‘উধাও’ ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শ্রীপৎ সিংহ কলেজের সামনে বেদিতে থাকা ভ্লাদিমির লেনিনের মূর্তি রাতারাতি উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। কয়েকদিন আগেই মূর্তিটি ভাঙচুর করা হয় এবং সেখানে শিবাজির মূর্তি বসানোর ঘোষণার পর থেকে এটি ভাঙা অবস্থাতেই বেদির ওপর ছিল। তবে গত বুধবার রাতে সেটি বেদি থেকে পুরোপুরি সরিয়ে ফেলা হলে এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়ায়। সিপিআইএমের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই প্রথমে মূর্তিটি ভেঙেছে এবং তারাই প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সেটি সরিয়ে নিয়েছে।
এই ঘটনায় জিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সিপিআইএম। দলের নেতারা প্রশ্ন তুলেছেন, কঠোর নজরদারির মধ্যে রাতারাতি কোথায় উধাও হলো এই মূর্তি। তবে সিপিআইএমের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, ভাঙচুর বা অপসারণের রাজনীতি বিজেপির সংস্কৃতির মধ্যে পড়ে না। এদিকে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে বা মূর্তি উদ্ধার করতে না পারায় স্থানীয় রাজনীতিতে চাপানউতোর বাড়ছে।