ব্যবসায়িক সফরে ভারতে এসে হায়দরাবাদের হোটেলের ঘর থেকে মার্কিন নাগরিকের রহস্যমৃত্যু!
ভারত সফরে এসে হায়দরাবাদের গাছিবাউলির এসএলএন টার্মিনাসে অবস্থিত একটি হোটেলের ঘর থেকে এক মার্কিন নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৪১ বছর বয়সি ওই ব্যক্তি ব্যবসার কাজে সম্প্রতি ভারতে এসেছিলেন। গত ২ নভেম্বর ডেভিড নামের এক যুবকের সঙ্গে তিনি হায়দরাবাদে পৌঁছে ওই হোটেলে ওঠেন। হোটেলের ১২ তলায় ১২১৮ নম্বর ঘরে থাকা ওই মার্কিন নাগরিক গত ৪ নভেম্বর সন্ধ্যা থেকে ফোনে সাড়া না দেওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়।
পরবর্তীকালে ৫ নভেম্বর সন্ধ্যা নাগাদ হোটেল কর্তৃপক্ষ দরজা খুলে তাঁকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।