রাত পোহালেই আবহাওয়ার বড় চমক! দক্ষিণবঙ্গ নিয়ে সতর্কবার্তা দিল হাওয়া অফিস
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদন: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ—সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপর পরবর্তী দুদিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
নতুন সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার থেকে পরিস্থিতির কিছুটা বদল ঘটতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এরপর ফের আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি নাগাদ রাতের তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুর—সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে ইতিমধ্যে তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেখানে রাতের তাপমাত্রা আরও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।