সিপিএমের ভাষা দেখেই তাদের দেউলিয়াত্ব স্পষ্ট, তীব্র আক্রমণ অগ্নিমিত্রার!
মুখ্যমন্ত্রীকে আক্রমণ নিয়ে সিপিএমের কড়া সমালোচনা করলেন অগ্নিমিত্রা পাল
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সিপিএমের অফিসিয়াল ফেসবুক পেজ ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ব্যবহৃত ভাষার তীব্র নিন্দা করলেন বিজেপি নেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সিপিএমের এই আচরণের কড়া সমালোচনা করেন।
অগ্নিমিত্রা পাল বলেন, “সিপিএমের অফিসিয়াল হ্যান্ডেল থেকে যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে, তা অত্যন্ত হতাশাজনক। কোনো জনসভায় আবেগপ্রবণ হয়ে মুখ ফসকে কিছু বেরিয়ে যাওয়া এক বিষয়, কিন্তু সুপরিকল্পিতভাবে অফিসিয়াল পেজ থেকে এই ধরনের ভাষা ব্যবহার করা অন্য বিষয়। এটি দেখে বোঝা যাচ্ছে, সিপিএম আজ কোন পর্যায়ে নেমে এসেছে।”
রাজনৈতিক বিতর্কে যুক্তির প্রয়োজন থাকলেও সিপিএম তা ভুলে গিয়ে অবমাননাকর ভাষার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ তোলেন মন্ত্রী। তিনি আরও দাবি করেন, বর্তমান রাজ্য সরকারের ছয় মাসের কাজের গতি ও সাফল্যের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়েই সিপিএম হতাশা থেকে এই ধরনের আক্রমণ করছে।
অগ্নিমিত্রার কথায়, “রাজ্যের বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। এই স্বল্প সময়ে সরকার যে উন্নয়নমূলক কাজ করছে, তার সঙ্গে প্রতিযোগিতায় পেরে না উঠেই তারা এমন কুরুচিকর পথ বেছে নিয়েছে। বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তাই পায়ের তলার মাটি সরে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে।”
রাজনৈতিক শিষ্টাচার ও শিক্ষার প্রশ্নে সিপিএমকে কটাক্ষ করে তিনি বলেন, “এর বিচার বাংলার মানুষই করেছেন। তবে এই ধরনের নোংরা রাজনীতি দেখে আমরা হতবাক। সিপিএমের কাছ থেকে রাজনৈতিক শিক্ষার কিছু নেই।”