গরমের বিদায়! টানা বৃষ্টির অপেক্ষায় ভিজবে কি তিলোত্তমা?
রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত শক্তিশালী অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশের কারণে এই আবহাওয়া তৈরি হয়েছে। এছাড়া, আজ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১৮ এপ্রিল জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পর্যটকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
বৃষ্টিপাতের ফলে আগামী দুদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে বলে জানা গেছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। আগামী ১৯ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুনরায় তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে এবং বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রোদের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।