মিড-ডে মিলে বড় চমক, স্কুলের খাবারে এবার অন্নামৃত ফাউন্ডেশন!
রাজ্যে মিড-ডে মিলের গুণমান বৃদ্ধিতে ‘সেন্ট্রাল কিচেন’ চালুর উদ্যোগ
রাজ্যে মিড-ডে মিলের গুণমান ও পুষ্টি নিশ্চিত করতে ‘পিএম পোষণ’ প্রকল্পের আওতায় ‘সেন্ট্রাল কিচেন’ চালুর সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ‘অন্নামৃত ফাউন্ডেশন’-কে। নবান্ন থেকে জেলাশাসকদের পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর কেন্দ্রীয় রান্নাঘরের মাধ্যমে স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত করে বিশেষ ট্রাকে স্কুলগুলিতে পৌঁছে দেওয়া হবে। দক্ষিণ কলকাতায় এই প্রকল্পের সাফল্যের পর এবার তা রাজ্যজুড়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনকে স্কুলগুলোর সঠিক তথ্য ও পড়ুয়াদের তালিকা ফাউন্ডেশনের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষা দপ্তরের এই পদক্ষেপ মিড-ডে মিলের স্বচ্ছতা ও গুণমান বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে ধাপে ধাপে প্রতিটি জেলায় এই আধুনিক পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে।