কপালে হিরে, চুনি, পান্নার টিপ ও ১১০ কেজি সোনা, রুপোর গয়নায় অপূর্ব সাজে নৈহাটির বড়মা
১০৩ বছরের ঐতিহ্যবাহী নৈহাটির বড়মা এবার এক অনন্য রূপে ভক্তদের সামনে ধরা দিয়েছেন। রবিবার বিকেলে বিশেষ অলঙ্কারে সজ্জিত হওয়ার পর থেকেই দেবীকে দর্শন করতে অরবিন্দ রোডে ভক্তদের ভিড় উপচে পড়ে। এবার মায়ের অলঙ্কার সম্ভারে নতুন যুক্ত হয়েছে হিরে, চুনি ও পান্না বসানো বিশেষ টিপ এবং একটি নতুন সীতা হার। এছাড়া সোনার বালা, চুড়ি, পায়ের নূপুর এবং রুপোর মুকুট সহ প্রায় ১ কুইন্টাল ১০ কেজি সোনা ও রুপোর গয়নায় দেবী সেজে উঠেছেন। ভক্তদের অকৃপণ দানের মাধ্যমেই প্রতি বছর মায়ের অলঙ্কার বৃদ্ধি পায় বলে জানান পুজো কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায়।
বড়মার কৃপা লাভ ও মানত পূরণে দূরদূরান্ত থেকে আসা অসংখ্য ভক্তের দণ্ডি কাটার দৃশ্য নজর কেড়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, গত দু’দিনে প্রায় এক লক্ষ মানুষ দণ্ডি কেটেছেন। বিশাল এই জনসমাগম ও ভক্তদের নিরাপত্তার সুবিধার্থে গোটা এলাকা ঢেকে ফেলা হয়েছে শতাধিক সিসি ক্যামেরায় এবং মোতায়েন রয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনী। রবিবার মধ্যরাতে মূল পুজো এবং ভোর তিনটেয় প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। চিরাচরিত প্রথা মেনে বিসর্জনের সময় প্রতিমার সোনার চোখ গঙ্গায় বিসর্জন দেওয়া হবে।