শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের দুই শর্ত, তুঙ্গে কূটনৈতিক জল্পনা
শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে ভারতের পক্ষ থেকে দুটি প্রধান শর্তের কথা সামনে এসেছে। নয়াদিল্লি চাইছে, হাসিনাকে যেন সাধারণ বন্দি হিসেবে হস্তান্তর না করা হয়। বরং তাঁর পূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করে বাংলাদেশের সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক। প্রয়োজনে ভারতের মাটি থেকে বাংলাদেশের সামরিক বিমান পাঠিয়ে তাঁকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিকল্প পথও খতিয়ে দেখা হচ্ছে।
ভারতের দ্বিতীয় শর্তটি হলো বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা। শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর ক্ষেত্রে তিনি যেন নতুন করে নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় ভারত। পাশাপাশি, তিনি যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আইনি লড়াই ও আপিল করার সুযোগ পান, সেই নিশ্চয়তাও দাবি করছে দিল্লি। পুরো বিচারপ্রক্রিয়াটি আন্তর্জাতিক মহল ও সংবাদমাধ্যমের নজরদারিতে সম্পন্ন হওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে।
তবে ডিসেম্বরের মধ্যে হাসিনার প্রত্যাবর্তন বাস্তবে রূপায়ণ করা অত্যন্ত কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে তাঁর বিরুদ্ধে আদালতে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে, অন্যদিকে ঢাকা তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের বর্তমান সরকারও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি। ফলে, শেখ হাসিনার দেশে ফেরা এবং তা ঘিরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।