দিল্লি ও মুম্বই থেকে নিউ ইয়র্কে সরাসরি বিমান পরিষেবা শুরু করল এয়ার ইন্ডিয়া
এয়ার ইন্ডিয়া দিল্লি ও মুম্বই থেকে নিউ ইয়র্ক এবং নেওয়ার্কগামী রুটে পুনরায় সরাসরি বা নন-স্টপ বিমান পরিষেবা চালু করেছে। ইরাকের আকাশসীমা ব্যবহারের অনুমতি মেলায় এই রুটে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে এই দীর্ঘ যাত্রাপথে প্রায় বাইশ ঘণ্টা সময় লাগত, যা এখন কমে সতেরো ঘণ্টায় দাঁড়িয়েছে। এর ফলে যাত্রীরা দীর্ঘপথের ক্লান্তি থেকে অনেকটাই রেহাই পাবেন।
চলতি বছর ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক রুটে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর ফলে দিল্লি ও মুম্বই থেকে আমেরিকার গন্তব্যে যাওয়ার সময় বিমানগুলিকে রোমে বিরতি নিতে হতো। পাশাপাশি জর্ডন ও মিশরের ওপর দিয়ে ঘুরপথে যাওয়ার ফলে যাত্রার সময় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি খরচও অনেক বেড়ে গিয়েছিল।
বর্তমানে দিল্লি থেকে এ৩৫০-৯০০ মডেলের বিমানে নিউ ইয়র্কে প্রতিদিন একটি এবং নেওয়ার্কে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। অন্যদিকে মুম্বই থেকে বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রতিদিন এবং নেওয়ার্কের জন্য সপ্তাহে তিনটি ফ্লাইট চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। রুট স্বাভাবিক হওয়ায় যাত্রীদের সময় সাশ্রয়ের পাশাপাশি বিমান সংস্থার অপারেশনাল খরচও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।