বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, দিল্লি থেকে বিমান পাঠানোর দাবি
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলির দাবি, ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের বিমানেই তাঁকে ভারতে নিয়ে আসা হয়েছিল, তাই তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের। সাংবিধানিক পরিস্থিতির কারণে তাঁকে দেশ ছাড়তে হয়েছিল বলে দাবি করে, বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে ফেরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
তবে হাসিনার এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশের বর্তমান সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এছাড়া, তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে ঢাকার কোনো সরকারি আলোচনা হয়নি বলেও দাবি করা হয়েছে। ফলে হাসিনার এই ঘোষণার পর তাঁর প্রত্যাবর্তনের প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা চলমান রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা দেয়। রাজনৈতিকভাবেও আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং দলের অনেক নেতা-কর্মী কারাবন্দি। এই পরিস্থিতিতে দেশে ফিরলে তাঁকে কঠিন আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।