ছেলের অপেক্ষায় ৫ দিন মৃতদেহের পাশে মা, ফিরে আসবেই সে!
মধ্যপ্রদেশের বিদিশায় এক মর্মান্তিক ঘটনায় মৃত সন্তানের ফিরে আসার আশায় পচাগলা লাশের পাশে পাঁচ দিন অবস্থান করলেন এক বৃদ্ধা মা। ৪২ বছর বয়সী এক ফ্যাশন ডিজাইনারের মৃত্যুর পর শোক সহ্য করতে না পেরে মা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। মৃতদেহটি পচে গলে তীব্র দুর্গন্ধ ছড়ালেও তিনি বিশ্বাস করতেন তার ছেলে ফের প্রাণ ফিরে পাবে এবং এই আশায় টানা পাঁচ দিন তিনি লাশের পাশেই প্রার্থনা করেন।
বাড়ির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয় দুধ সরবরাহকারী পুলিশকে খবর দিলে ঘটনার সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নিথর পচাগলা দেহ এবং তার পাশে বসে থাকা বৃদ্ধাকে উদ্ধার করে। দীর্ঘদিন কোনো খাদ্য গ্রহণ না করায় তিনি প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ওই বৃদ্ধাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।