ইতিহাস গড়লো ২০২৬ মহিলা টি-২০ বিশ্বকাপ, পুরুষদের সমান পুরস্কার মূল্যে বাজিমাত!
আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ মহিলা টি-২০ বিশ্বকাপে মোট ৮৭,৬৪,৬১৫ মার্কিন ডলার (প্রায় ২৪৪ কোটি টাকা) পুরস্কার মূল্য ঘোষণা করেছে আইসিসি। ১২টি দলের অংশগ্রহণে মোট ৩৩টি ম্যাচের এই টুর্নামেন্টে গত মরশুমের তুলনায় পুরস্কার মূল্য প্রায় ১০ গুণ বৃদ্ধি করা হয়েছে, যা ক্রিকেট বিশ্বে বৈষম্য দূর করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে প্রায় ৬৫ কোটি টাকা এবং রানার্স আপ দল পাবে প্রায় ৩২ কোটি টাকা। এছাড়া প্রতিটি সেমিফাইনালিস্ট দল পাবে প্রায় ১৮ কোটি টাকা এবং অংশগ্রহণকারী বাকি দলগুলোর জন্য ৭ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো বোনাস হিসেবে প্রায় ৯০ লাখ টাকা করে পাবে। লিঙ্গবৈষম্য নিরসনে আইসিসির এই সিদ্ধান্ত নারী ক্রিকেটের পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করবে।