লালবাড়িতে শেষ এক দীর্ঘ অধ্যায়, নেতাজির স্বপ্নপূরণ নিয়ে ফিরহাদের আক্ষেপ!

২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ আট বছর দায়িত্ব পালনের পর কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। চেয়ারপার্সন মালা রায়ের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেওয়ার পর এক সাংবাদিক বৈঠকে তিনি তাঁর মেয়াদের কাজের খতিয়ান তুলে ধরেন। শহর পরিচালনার এই দীর্ঘ যাত্রাকে অত্যন্ত সম্মানজনক হিসেবে উল্লেখ করলেও, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নের একটি কাজ সম্পন্ন করতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন বিদায়ী মেয়র।

ফিরহাদ হাকিম জানান, উত্তর কলকাতার ঠনঠনিয়ার দীর্ঘস্থায়ী জলযন্ত্রণা নিরসনে তিনি ঋষিকেশ পার্কে একটি অত্যাধুনিক ড্রেনেজ পাম্পিং স্টেশনের কাজ শুরু করেছিলেন, যা নেতাজির সেই সময়ের প্রচেষ্টারই ধারাবাহিকতা। তবে ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের অগ্রগতি সত্ত্বেও তা উদ্বোধনের আগেই তাঁর মেয়াদ শেষ হয়েছে। একইসঙ্গে ইএম বাইপাস, খিদিরপুর, গল্ফগ্রিন ও কবিতীর্থের মতো বিভিন্ন এলাকায় জল নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণের বেশ কিছু প্রকল্প বর্তমানে মাঝপথে রয়েছে। ফিরহাদ হাকিম আশা প্রকাশ করেন যে, পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই অসম্পূর্ণ কাজগুলো দ্রুত শেষ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *