স্কুলে মর্মান্তিক খুন, ৭ বছরের শিশুকে হত্যার নেপথ্যে কী? স্তব্ধ পুলিশ!
কৃষ্ণনগরের একটি বিদ্যালয়ের হোস্টেলে সাত বছরের এক শিশুকন্যাকে খুনের ঘটনায় দুই নাবালিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়। তদন্তে উঠে এসেছে, হোস্টেলের কঠোর অনুশাসন থেকে মুক্তি পেতে এবং বাইরে রঙিন জগতের টানেই তারা এই ভয়ঙ্কর খুনের পরিকল্পনা করেছিল।
পুলিশি তদন্ত ও ধৃতদের ব্যক্তিগত ডায়েরি থেকে জানা গেছে, মোবাইল ফোন ব্যবহার করতে না পারা এবং পরিবারের সঙ্গে কথা বলার সীমিত সুযোগ নিয়ে ওই দুই নাবালিকার মধ্যে তীব্র ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই তারা হোস্টেল থেকে পালানোর ছক কষে। শুক্রবার গভীর রাতে বাথরুম করানোর নাম করে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে নিয়ে গিয়ে বালতিতে মুখ চুবিয়ে এবং পেন্সিল কাটার মেশিনের ব্লেড দিয়ে গলার নলি কেটে তাকে হত্যা করে তারা। খুনের পর শিশুটির হাতে ব্লেড দিয়ে আঘাতও করে অভিযুক্তরা। ঘটনার পর ডায়েরি ও খুনে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ এবং ধৃতদের জুভেনাইল কোর্টে তোলা হয়েছে।