মদ কেলেঙ্কারি নিয়ে ফাঁস চাঞ্চল্যকর তথ্য, সব টাকা কি পৌঁছত অভিষেকের কাছে!
পশ্চিমবঙ্গের আবগারি ব্যবস্থায় নিয়মবহির্ভূতভাবে মোটা অঙ্কের অর্থ আদায়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাজ্যের মদ ব্যবসায়ীদের কাছ থেকে সংগৃহীত এই অবৈধ অর্থের একটি বড় অংশ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাত। ২০১৭ সালে পশ্চিমবঙ্গ আবগারি বোর্ড কর্পোরেশন গঠনের পর থেকে এই প্রক্রিয়া চলত বলে দাবি করা হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, নতুন আবগারি কাঠামোয় ডিস্ট্রিবিউটর ও পাইকারি ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত রাজস্বের বোঝা চাপানো হয়েছিল। অভিযোগ, প্রতিটি মদের বোতলে সরকার নির্ধারিত মূল্যের বাইরে আরও ৩ টাকা করে অবৈধভাবে আদায় করা হতো, যার কোনো সরকারি হিসাব নেই। ফলতার জাহাঙ্গির খানের নাম জড়ানো একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হতো এবং নেতাদের নির্দেশ অমান্য করলে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হতো। সম্প্রতি আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আবগারি কমিশনারকে চিঠি দিয়ে এই অবৈধ অর্থ আদায়ের বিষয়ে অভিযোগ জানিয়েছে এবং বিজেপি নেতা অমিত মালব্য এই ঘটনার পেছনে শাসকদলের শীর্ষ নেতৃত্বের যোগসাজশ থাকার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।