মেসি কাণ্ডে ঘোর বিপাকে অরূপ, হাই কোর্টেও মিলল না স্বস্তি!

মেসির ‘গোট টুর’ সংক্রান্ত বিতর্কিত কাণ্ডে কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দ্রুত শুনানির মাধ্যমে রক্ষাকবচ চেয়ে তিনি যে আর্জি জানিয়েছিলেন, আদালত তা খারিজ করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, এই মামলা জরুরি ভিত্তিতে শোনা সম্ভব নয় এবং নির্ধারিত নিয়ম মেনেই এর শুনানি হবে। আদালত প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তারির আশঙ্কা থেকে সুরক্ষার জন্য নিয়ম মাফিক আগাম জামিনের আবেদন করার পরামর্শ দিয়েছে। এর আগে বারাসাত আদালতেও তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল।

গত ১৭ মে মেসির ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে প্রতারণা, টিকিটের কালোবাজারি, চাঁদাবাজি এবং অপরাধমূলক ভীতি প্রদর্শন সহ একাধিক গুরুতর ধারায় এফআইআর দায়ের করেন। পুলিশ তদন্তের স্বার্থে তাঁকে তলব করলেও, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দুই সপ্তাহের সময় চেয়ে নিয়েছিলেন। তবে অসুস্থতার সপক্ষে কোনো মেডিক্যাল রিপোর্ট জমা দিতে না পারায় পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করে। রবিবার তাঁর বাড়িতে নোটিশ পাঠিয়ে সোমবার সকাল ১১টার মধ্যে উপস্থিত হওয়ার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়, কিন্তু তিনি নিজে বা তাঁর কোনো প্রতিনিধি ওই সময় থানায় হাজিরা দেননি। হাই কোর্ট থেকে রক্ষাকবচ না পাওয়া এবং পুলিশের ডাকে সাড়া না দেওয়ায় প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *