রাজ্যে সিবিআই তদন্তে নয়া মোড়, বড় ঘোষণা নবান্নের!
পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাজের পরিধি ও সীমাবদ্ধতা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটল। সোমবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সিবিআইকে তদন্তের ক্ষেত্রে শর্তসাপেক্ষ ছাড়পত্র দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দিল্লি স্পেশ্যাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইন, ১৯৪৬-এর ৬ নম্বর ধারা অনুযায়ী এই সম্মতি প্রদান করা হয়েছে, যেখানে স্পষ্ট করা হয়েছে কোন ক্ষেত্রে সিবিআই সরাসরি তদন্ত করতে পারবে এবং কোন ক্ষেত্রে রাজ্যের অনুমতি বাধ্যতামূলক।
নতুন নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার দুর্নীতি বা অপরাধের অভিযোগে সিবিআই সরাসরি তদন্ত চালাতে পারবে। এমনকি কোনো মামলার তদন্তে কেন্দ্রীয় কর্মী বা সংস্থার যোগসূত্র পাওয়া গেলে, সেই ঘটনায় জড়িত সাধারণ বেসরকারি ব্যক্তিদের বিরুদ্ধেও সিবিআই তদন্ত করতে পারবে। তবে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সুরক্ষাকবচ বজায় রেখে নবান্ন জানিয়েছে, রাজ্য সরকারের অধিনস্থ কোনো কর্মীর বিরুদ্ধে তদন্ত করতে হলে সিবিআইকে অবশ্যই রাজ্য সরকারের কাছ থেকে আগাম লিখিত অনুমতি নিতে হবে। এই সিদ্ধান্তের বিষয়ে সিবিআই কর্তৃপক্ষ, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।