৩০ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার কলকাতা পুরসভার কাউন্সিলার সুস্মিতা ও তাঁর স্বামী!

খিদিরপুরে এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর কাছ থেকে ৩০ লক্ষ টাকা প্রতারণা এবং খুনের হুমকির অভিযোগে কলকাতা পুরসভার ৭ নম্বর বরোর চেয়ারপার্সন সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী সলিল চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার সকালে তাঁদের গ্রেফতার করা হয়। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিন স্থগিত থাকা এই তদন্তে নতুন করে গতি আসায় এই জোড়া গ্রেফতারির ঘটনা ঘটেছে।
অভিযোগকারী অমিত রায়ের দাবি, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে ইনস্যুরেন্স পলিসি করানোর নাম করে প্রথমে ১২ লক্ষ টাকা এবং পরে আরও ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে খুনের হুমকি দেওয়া হয় এবং ইনস্যুরেন্স এজেন্ট পরিচয় দিয়ে বারবার বাড়িতে চাপ সৃষ্টি করা হয়। গত ৩ মার্চ খিদিরপুর বাজারে অমিতবাবুকে প্রকাশ্যে মারধর করেন অভিযুক্ত কাউন্সিলারের স্বামী সলিল চট্টোপাধ্যায়। লালবাজারের তথ্য অনুযায়ী, প্রতারণায় সরাসরি যুক্ত না থাকলেও এই আর্থিক দুর্নীতি ও হুমকির নেপথ্যে কাউন্সিলারের পরোক্ষ মদতের প্রমাণ মিলেছে। বর্তমানে পুলিশ এই আর্থিক লেনদেন ও ঘটনার প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে।