১৪৫ শিশুর সর্বনাশ! ভারতীয় বংশোদ্ভূত ‘দানব’-কে ৩৩ বছরের কারাদণ্ড

সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে ১৪৫ জনেরও বেশি নাবালক-নাবালিকাকে ব্ল্যাকমেল ও যৌন হেনস্থার অভিযোগে রমনন পদ্মনাভন নামে ৪০ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় নাগরিককে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। এফবিআই-এর তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ফেসবুক ও ইনস্টাগ্রামে নিউ জার্সির এক কিশোরের ছদ্মবেশে ছয় বছর বয়সী শিশু থেকে শুরু করে টিনএজারদের লক্ষ্যবস্তু করত। সাত বছর ধরে চলা এই অপরাধের দায়ে ২০২১ সালের মার্চ মাসে তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ব্যক্তি শিশুদের নগ্ন ছবি তুলতে বাধ্য করত এবং আত্মীয় বা পোষ্যদের সঙ্গে বিকৃত যৌনতায় লিপ্ত হওয়ার নির্দেশ দিয়ে সেই দৃশ্য ভিডিও করে রাখত। এরপর সেই ভিডিও ও ছবি পরিবার ও বন্ধুদের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে সে শিশুদের ওপর নিয়মিত ব্ল্যাকমেল ও মানসিক নির্যাতন চালাত। বিচারক তাকে ৩৯৬ মাসের কারাদণ্ড ছাড়াও মুক্তি পাওয়ার পর ১০ বছর কড়া নজরদারিতে রাখা এবং যৌন অপরাধী হিসেবে নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। বর্তমান কানাডায় অন্য একটি মামলায় সাজা ভোগরত এই ব্যক্তির ৩৩ বছরের এই সাজা তার আগের দণ্ড কার্যকর হওয়ার পর শুরু হবে।