মেসিকাণ্ডে স্বস্তি অরূপ বিশ্বাসের, এখনই গ্রেপ্তারির প্রয়োজন নেই জানাল হাই কোর্ট!
গত ডিসেম্বর মাসে ঘটে যাওয়া মেসিকাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আপাতত কোনো গ্রেপ্তারি বা কঠোর পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তবে তদন্ত প্রক্রিয়া নিজস্ব গতিতেই চলবে বলে স্পষ্ট জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বুধবার বিচারপতি অরূপ বিশ্বাসকে কিছু শর্তসাপেক্ষে এই রক্ষাকবচ প্রদান করেন।
শুনানি চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাসের দাঁড়িয়ে থাকাটা অনভিপ্রেত ছিল। এছাড়া ঘটনার সাড়ে পাঁচ মাস পর এফআইআর দায়ের করা নিয়েও আদালত প্রশ্ন তুলেছে। তবে মামলাটির সর্বোচ্চ সাজা সাত বছর হওয়ায় এবং সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা কম বিবেচনায় আদালত গ্রেপ্তারি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, অরূপ বিশ্বাসকে নিজ পাসপোর্ট স্থানীয় আদালতে জমা রাখতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি রাজ্য ছাড়তে পারবেন না। পাশাপাশি, পুলিশের নির্ধারিত দিনে হাজির থেকে তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। ঘটনাটির নিরপেক্ষ তদন্তের জন্য বিধাননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট তলব করা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি আগামী ৪ আগস্ট ধার্য করা হয়েছে।