আর জি করের সত্যিটা সিবিআইকে জানান, বিদ্রোহী সতীর্থদের বেনজির চ্যালেঞ্জ কল্যাণের!
তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্থিরতার আবহে দলের বিদ্রোহী ও দলবদলু নেতাদের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগলেন শ্রীরামপুরের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে ডঃ কাকলি ঘোষ দস্তিদার এবং ডঃ শর্মিলা সরকারকে নিশানা করে দেওয়া তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে। দিল্লিতে লোকসভার সংসদীয় দল হাতছাড়া হওয়া এবং ২০ জন সাংসদের এনডিএ জোটে যোগদানের আবেদনের খবরের মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সংবাদমাধ্যমের সামনে বিদ্রোহী নেতাদের ‘সুখের পায়রা’ ও ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে, ক্ষমতার লোভে এই নেতারা নতুন রাজনৈতিক আশ্রয়ের খোঁজে মরিয়া। তবে বিজেপি তাদের গ্রহণ করবে না উল্লেখ করে তিনি বলেন, নারদা কাণ্ডসহ বিভিন্ন দুর্নীতির নথিপত্র কেন্দ্রীয় সংস্থার কাছে থাকায় ওই নেতাদের নেওয়া বিজেপির পক্ষে অসম্ভব। একইসঙ্গে আর জি করের অভয়া কাণ্ড নিয়ে নীরব থাকা ওই দুই চিকিৎসক সাংসদকে সিবিআইয়ের কাছে সত্য বলার চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি। ২০১১ সালের পর দলে আসা নেতারা কর্মীদের সঙ্গে অন্যায় করেছেন এবং বিপদের দিনে স্বার্থপরতার পরিচয় দিয়েছেন বলে প্রবীণ এই সাংসদ অভিযোগ করেন।