হাসপাতালের বিছানায় শুয়েই সমালোচকদের কড়া জবাব দিলেন সোনম ওয়াংচুক!
নিট (NEET) প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে একটানা ২৬ দিন আমরণ অনশনের পর আন্দোলন প্রত্যাহার করেছেন বিশিষ্ট সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর সরকারের দেওয়া আইনি সুরক্ষা, সংসদে আলোচনা এবং নিট জালিয়াতির ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাসের ভিত্তিতে তিনি অনশন ভাঙেন। তবে আন্দোলন তুলে নেওয়ার পরপরই সরকারের সঙ্গে ‘গোপন সমঝোতার’ অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা সোনম ওয়াংচুক নিজের সততা নিয়ে প্রশ্ন ওঠায় গভীর ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি এক ভিডিও বার্তায় গত আড়াই দশকের দীর্ঘ সমাজসেবাকে খাটো না করার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে, সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো জানিয়েছেন, অনশনে সোনমের শরীরের ওজন ১১ কেজি কমেছে এবং তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছেন। সমালোচকদের উদ্দেশ্যে তিনি আবেদন জানিয়েছেন, যেন তাড়াহুড়ো করে তাঁর স্বামীর কোনো সিদ্ধান্ত নিয়ে ভুল বিচার করা না হয়।