রবিবার প্রবল দুর্যোগের পূর্বাভাস! কোন কোন জেলায় জারি অরেঞ্জ অ্যালার্ট?
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপটি আগামী দু-তিন দিন সক্রিয় থাকবে। বৃষ্টির পাশাপাশি উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, সোমবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা মঙ্গলবার রাত পর্যন্ত বজায় থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানা গেছে।