টালিগঞ্জের স্টুডিওতে পুলিশের হানা, স্বরূপ বিশ্বাসকে ঘিরে তুঙ্গে জল্পনা!
তোলাবাজি, যৌন হেনস্থা ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে নিয়ে তদন্ত জোরদার করেছে পুলিশ। গত ৪ জুন গ্রেপ্তারের পর বর্তমানে পুলিশি হেফাজতে থাকা স্বরূপ বিশ্বাসকে নিয়ে বুধবার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োতে অভিযান চালান তদন্তকারীরা। এর আগে মঙ্গলবার পুলিশের একটি দল স্বরূপকে সঙ্গে নিয়ে সুরুচি সঙ্ঘের ক্লাবে প্রায় চার ঘণ্টা তল্লাশি চালায়। ফেডারেশনের দপ্তরে গুরুত্বপূর্ণ নথিপত্র বা কোনো অবৈধ তথ্যের অস্তিত্ব খুঁজে পেতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। বুধবার স্টুডিয়োতে প্রবেশের সময় তদন্তকারীদের তালা ভেঙে ভেতরে ঢুকতে হয়।
দীর্ঘদিন ধরে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে যে, শাসকদল ঘনিষ্ঠ হওয়ার সুবাদে টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতেন, যার ফলে ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস পাননি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন অনেক কলাকুশলী ও ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। স্বরূপ বিশ্বাসকে আগামী ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।