স্মার্ট হচ্ছে ভারতের ল্যান্ড পোর্ট, এক ধাক্কায় বদলাবে সীমান্ত বাণিজ্য ও নিরাপত্তা!
দেশের সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম (LPMS) বা ‘বিনিময়’ নামক ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্থল বন্দরগুলোর পরিচালনা ব্যবস্থা আরও কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তি-নির্ভর করে তোলার উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। এর মাধ্যমে শুল্ক বিভাগ, অভিবাসন দপ্তর, সীমান্ত নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা ও অংশীদারদের মধ্যে তথ্যের রিয়েল-টাইম আদান-প্রদান নিশ্চিত হবে, যা সীমান্ত বাণিজ্য ও যাত্রীদের যাতায়াত প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করবে।
এই ডিজিটাল ব্যবস্থায় এন্ড-টু-এন্ড ডিজিটাল ওয়ার্কফ্লো, স্লট বুকিং, অনলাইন পেমেন্ট, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স এবং কার্গো ট্র্যাকিংয়ের মতো আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে। প্ল্যাটফর্মটি ইন্ডিয়ান কাস্টমস ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ গেটওয়ে (ICEGATE) ও ইউনিফাইড লজিস্টিকস ইন্টারফেস প্ল্যাটফর্মের (ULIP) সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। ভারতের ‘বিকশিত ভারত ২০৪৭’ ভিশনের অংশ হিসেবে এবং স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের লক্ষ্য অর্জনে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (LPAI) আওতাধীন ১৫টি স্থলবন্দরে এই আধুনিক ডিজিটাল সুবিধা কার্যকর করা হচ্ছে।