শিয়ালদহ লাইনে মেগা উপহার! অফিস টাইমের ভিড় কমাতে আসছে নতুন টাইমটেবিল
শিয়ালদহ ডিভিশনে নতুন লোকাল ট্রেন পরিষেবা চালু করল পূর্ব রেল
নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতে এবং অফিস টাইমের ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে নতুন লোকাল ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ১৫ জুন, সোমবার থেকে শিয়ালদহ–ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ–হাসনাবাদ (বারাসাত) শাখায় এই বাড়তি ট্রেনগুলি চলাচল করবে। নতুন সময়সূচি অনুযায়ী, শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখায় সোমবার থেকে শনিবার সোনারপুর থেকে ভোর ৬টা ০৫ মিনিটে, ডায়মন্ড হারবার থেকে সকাল ৭টা ২২ মিনিটে এবং শিয়ালদহ থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে ট্রেন চলবে। অন্যদিকে, বারাসাত–হাসনাবাদ শাখায় প্রতিদিন বিকেল ৩টে ২০ মিনিটে হাসনাবাদ থেকে বারাসাতগামী ট্রেন চালু হবে এবং শিয়ালদহ থেকে সকাল ৮টা ৫৮ মিনিটে ছাড়া ট্রেনটির রুট বাড়িয়ে হাসনাবাদ পর্যন্ত করা হয়েছে।
মহিলা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, ডায়মন্ড হারবার শাখায় সংরক্ষিত মহিলা কামরার সংখ্যা কোনোভাবেই কমানো হচ্ছে না। ট্রেনের নির্দিষ্ট তিনটি মহিলা কামরা বহাল রেখেই যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য অতিরিক্ত এই ট্রেন পরিষেবা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।