সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাব! কৃষ্ণনগরে হামলার ছক জানতেই গর্জে উঠলেন মহুয়া
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ও পচা টমেটো ছোড়ার পরিকল্পনার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি মহিলা মোর্চার বিরুদ্ধে। শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে মহুয়া মৈত্রের হাজিরা দেওয়ার কথা ছিল, সেই সুযোগেই আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিয়েছিলেন বিজেপি কর্মীরা। তবে সাংসদ আদালতে উপস্থিত না হওয়ায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনার একটি ভিডিও ক্লিপে বিজেপি কর্মীদের মহুয়া মৈত্রের উদ্দেশ্যে ডিম ও পচা টমেটো ছুড়তে চাওয়ার কথা বলতে শোনা যায়।
এই ঘটনার প্রেক্ষিতে সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। ভিডিওতে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি থানা, হাইকোর্ট এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। অন্যদিকে, বিজেপির নদীয়া উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদার এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ। তিনি পাল্টা কটাক্ষ করে বলেন, মহুয়া মৈত্র প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যেতে পারেন। একইসঙ্গে ভবিষ্যতে সাংসদকে এলাকায় ঝাঁটা ও জুতো দিয়ে অভ্যর্থনা জানানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা।