শাহকে কুরুচিকর মন্তব্য ও ২৫০ কোটির আমফান দুর্নীতি, কল্যাণ এবং অভিষেকের বিরুদ্ধে জোড়া এফআইআর!
শ্রীরামপুর থানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একইসাথে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে শ্রীরামপুরে অশান্তি ও দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, এই আইনি জটিলতার মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ বণ্টনে প্রায় ২৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে নতুন এফআইআর দায়ের করা হয়েছে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তিনি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন যা রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। একইসঙ্গে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় ও ফলাফল পরবর্তী সময়ে শ্রীরামপুরে যে অশান্তি ও দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পেছনে সাংসদের উস্কানিমূলক ভূমিকা ছিল বলে দাবি করেছে বিজেপি। এছাড়া আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন এই মামলা শাসক দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিল।