সীমান্তে কড়াকড়ির জের, এবার বাংলাতেই তৈরি হচ্ছে হেরোইন!
মুর্শিদাবাদের ফরাক্কায় হেরোইন তৈরির একটি গোপন কারখানার হদিশ পেয়েছে পুলিশ। ১২ নম্বর জাতীয় সড়কের পাশে লোহাপট্টি এলাকায় অভিযান চালিয়ে চারজন মহিলাসহ মোট সাতজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ফরাক্কা থানার পুলিশ। অভিযানে ৩০০ গ্রাম হেরোইন, নগদ কয়েক লক্ষ টাকা এবং মাদক তৈরির আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার মূল পান্ডা বিহারের বাসিন্দা ইসমাইল শেখ বর্তমানে পলাতক।
তদন্তে জানা গেছে, প্রায় সাত মাস আগে ইসমাইল শেখ নিউ ফরাক্কা এলাকায় দুটি ঘর ভাড়া নিয়ে এই ল্যাব গড়ে তুলেছিল। বিহার ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী জনবহুল এই এলাকাটিকে তারা মাদক ব্যবসার করিডোর হিসেবে ব্যবহার করছিল। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি পাওয়ায় বাইরে থেকে মাদক না এনে, স্থানীয় ল্যাবে কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে হেরোইন উৎপাদন ও প্যাকেটজাত করার কৌশল নিয়েছিল অপরাধীরা। ধৃতদের মধ্যে বিহার এবং মালদহের বাসিন্দারা রয়েছেন। পলাতক মূল চক্রীর খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে এবং গ্রেপ্তারকৃত সাতজনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে।