তৃণমূলের কার্যালয় গুঁড়িয়ে বিজেপি বিধায়কের হুঙ্কার, এটা উত্তরপাড়া!
পশ্চিমবঙ্গের হুগলির কোন্নগরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেসের একটি অবৈধ পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। সোমবার কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জোড়াপুকুর এলাকায় বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। নিজের এই কার্যক্রমকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘বুলডোজার রাজনীতি’র সঙ্গে তুলনা করে তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারি জমি দখল করে কোনো ধরনের বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না।
এর আগেও কোন্নগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে একই রকম অভিযান চালিয়ে একটি পার্টি অফিস ও বেশ কিছু দোকান ভেঙে দিয়েছিলেন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। এলাকাটিকে ‘উত্তরপাড়া’ বা ‘ইউপি’ হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, এই কার্যালয়গুলো জনসেবার পরিবর্তে সাধারণ মানুষকে ভয় দেখানোর কাজে ব্যবহৃত হতো। এই উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে স্থানীয় বামপন্থী দলগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে বিধায়ক হুঁশিয়ারি দিয়েছেন যে, বিধানসভা কেন্দ্রের যেখানেই সরকারি জমির ওপর কোনো অবৈধ নির্মাণ থাকবে, তা আইনি প্রক্রিয়ায় পুনরুদ্ধার করে গুঁড়িয়ে দেওয়া অব্যাহত থাকবে।