তৃণমূলের পতন আটকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি!
কলকাতা প্রেস ক্লাবের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং তৃণমূল সরকারের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। তাঁর মতে, আসন্ন নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বাংলার সাধারণ মানুষের লড়াই, যেখানে বিজেপি পরিবর্তনের একটি মাধ্যম হিসেবে কাজ করছে।
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, গত বিধানসভা নির্বাচনের পর থেকে আড়াইশোর বেশি বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন এবং রাজনৈতিক হিংসা চরম পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি, রাজ্যের ক্রমবর্ধমান ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা এবং সিঙ্গুর-নন্দীগ্রাম পরবর্তী শিল্পায়নের ব্যর্থতাকে বর্তমান প্রশাসনের বড় দুর্বলতা হিসেবে তুলে ধরেন তিনি। এছাড়া, বিজেপি ক্ষমতায় এলে সাংবাদিকদের মাসিক পেনশন ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি দাবি করেন যে, উত্তরবঙ্গে তৃণমূল একটিও আসন পাবে না।