ভোটের দিন বুথের ১০০ মিটারে কড়া নজরদারি, বড় সিদ্ধান্ত কমিশনের!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নজিরবিহীন কঠোর পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। ভোটগ্রহণের দিন বুথ চত্বরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে প্রতিটি ভোটকেন্দ্রের চারপাশে ১০০ মিটারের একটি সুরক্ষা বেষ্টনী বা ‘লক্ষ্মণ রেখা’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ১৬টি জেলার পুলিশ সুপার ও কমিশনারদের সাথে এক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই নির্দেশিকা জারি করেছেন।
কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, ভোটকেন্দ্রের ১০০ মিটার এলাকা সাদা চক দিয়ে চিহ্নিত থাকবে এবং সেখানে দুটি বিশেষ চেকপয়েন্ট তৈরি করা হবে, যেখানে ভোটারদের পরিচয়পত্র কঠোরভাবে যাচাই করা হবে। এছাড়া, দায়িত্ব পালনে পুলিশি নিষ্ক্রিয়তা বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন। সুরক্ষা বেষ্টনী লঙ্ঘন বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিককে (ওসি) সরাসরি সাসপেন্ড করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি, গত নির্বাচনের হিংসায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ক্ষেত্রে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।